দেশে কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিটের সম্ভাবনা কাজে লাগাতে এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনবিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ, বনায়ন রক্ষা এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর ওপর বিশেষ জোর দেন। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে তিনি কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা, নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় বাড়ানোর তাগিদ দেন। একই সাথে এই লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কাজের গতি বাড়াতে একটি বিশেষ সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।
কার্বন ক্রেডিট হলো পরিবেশ সুরক্ষার একটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা, যেখানে এক মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড বা সমপরিমাণ গ্রিনহাউস গ্যাস কমানোর বিপরীতে একটি ক্রেডিট দেওয়া হয়। এই ক্রেডিট পরবর্তীতে ‘কার্বন ট্রেডিং’ বা বাজারভিত্তিক ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত কার্বন নিঃসরণকারী দেশ বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। সভায় উপস্থিত মন্ত্রী ও কর্মকর্তারা জানান, সঠিক পদক্ষেপ নিলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের এই খাত থেকে বড় অর্জনের সুযোগ রয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, পরিবেশ বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।