নেত্রকোনার দুর্গাপুরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের ছোড়া গুলি শরীরে নিয়ে দীর্ঘ ৫৫ বছর জীবন কাটানোর পর অবশেষে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়েছে মন্নাস আলী (৭৫) নামের এক ব্যক্তির শরীর থেকে।
শনিবার (৪ জুলাই) দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তানজিরুল ইসলাম রায়হানের নেতৃত্বে একটি মেডিকেল দল প্রায় ৩০ মিনিটের অস্ত্রোপচারের মাধ্যমে তার পিঠ থেকে গুলিটি বের করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে দুর্গাপুর এলাকায় পাকিস্তানি সেনাদের হামলার সময় মন্নাস আলী গুলিবিদ্ধ হন। তখন দারিদ্র্য ও চিকিৎসা-সুবিধার অভাবে তিনি দীর্ঘদিন চিকিৎসা নিতে পারেননি। এরপর থেকে গুলিটি তার শরীরেই রয়ে যায়।
পরিবার জানায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সামনে এলে চিকিৎসকদের উদ্যোগে তার অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।
অস্ত্রোপচারের পর রোগী বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মন্নাস আলীর ছেলে আবুল হোসেন বলেন, দীর্ঘদিন আর্থিক সংকটের কারণে চিকিৎসা করানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত চিকিৎসকদের সহযোগিতায় তার শরীর থেকে গুলিটি অপসারণ করা সম্ভব হয়েছে।