চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ লাখ মানুষ, পুনর্বাসন শুরু: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ইতোমধ্যে ১ লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে এবং পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী জানান, দুর্গত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের কাজও শুরু হয়েছে এবং পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা চলবে।

তিনি আরও বলেন, বন্যায় চট্টগ্রামের বিভিন্ন সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। সফরের অংশ হিসেবে তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন।

তাসনিম হোসেন