বন্যা মোকাবিলায় সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্যাকবলিত এলাকাগুলোতে সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি উদ্যোগও অব্যাহত রয়েছে।

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেন।

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাসনিম হোসেন