বায়ুদূষণ রোধে ইটভাটায় বিকল্প প্রযুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম

ছবি: সংগৃহীত

ইটভাটাজনিত বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণ, দূষণকারী যানবাহন অপসারণ এবং অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। এছাড়া ঢাকায় আরও অন্তত ৫০টি স্থানে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর ওপরও গুরুত্বারোপ করেন।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাসনিম হোসেন