রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আরও ১ কোটি ৪০ লাখ ইউরো দিচ্ছে ইইউ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় আরও ১ কোটি ৪০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর সঙ্গে অংশীদারত্ব নবায়নের মাধ্যমে এই নতুন সহায়তা দেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপকৃত হবে ৭০ হাজার বাংলাদেশি

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইইউ’র এই নতুন অর্থায়নের ফলে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি স্থানীয় প্রায় ৭০ হাজার বাংলাদেশি বাসিন্দা সরাসরি উপকৃত হবেন। দীর্ঘস্থায়ী এই সংকট মোকাবিলায় এবার শুধু জরুরি সহায়তাই নয়, বরং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা তৈরির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

রান্নার জ্বালানি ও পরিবেশ রক্ষা

ক্যাম্পগুলোতে পরিবেশ রক্ষা ও নিরাপত্তার স্বার্থে পরিচ্ছন্ন রান্নার জ্বালানি হিসেবে এলপিজি (LPG) ব্যবহারের সুযোগ আরও বাড়ানো হবে। এর ফলে বিশেষ করে নারী ও শিশুদের জ্বালানি কাঠ সংগ্রহের ঝুঁকি কমবে এবং স্বাস্থ্যঝুঁকি ও বন উজাড়ের চাপ হ্রাস পাবে।

আন্তর্জাতিক প্রতিনিধিদের বক্তব্য

বাংলাদেশে ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, "এই সংকট দীর্ঘদিন ধরে চলছে। তাই এখন শুধু জরুরি সহায়তা নয়, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আয়ের সুযোগ তৈরির দিকেও নজর দিতে হবে।"

অন্যদিকে, ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, নিরবচ্ছিন্ন এই সহায়তা শরণার্থীদের মৌলিক অধিকার রক্ষা ও একটি নিরাপদ ভবিষ্যতের আশা ধরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাসনিম হোসেন