পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলমান ‘অপারেশন শাবান’-এ ‘ভারত-সমর্থিত’ আরও ১৭ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ নিয়ে এই অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা সূত্র জানায়, মাঙ্গি বাঁধ পুলিশ স্টেশনে সশস্ত্র হামলার পর পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস (এফসি) এবং বেলুচিস্তান পুলিশ যৌথভাবে এই বড় ধরনের অভিযান শুরু করে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, প্রাথমিক সংঘর্ষে পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে ১৫ জন হামলাকারীকে হত্যা করেন। তবে এ সময় ৯ জন পুলিশ সদস্যও নিহত হন।
জিম্মি হত্যা ও ক্ষয়ক্ষতি
আইএসপিআর জানায়, গত ৬ জুলাই থেকে জিয়ারাত জেলার পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছিল। অবরোধ শক্ত হলে জিম্মি করা ১৮ জন পুলিশ সদস্যকে হত্যা করে হামলাকারীরা। মাঙ্গি চেকপোস্টে হামলায় সব মিলিয়ে মোট ২৭ জন পুলিশ সদস্য নিহত হন এবং ওই এলাকার অভিযানে ২৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়। অন্যদিকে, খুজদারের একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়ে সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পস অভিযান চালিয়ে আরও ৮ জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে।
অভিযানে এ পর্যন্ত ৯১ জন নিহত
নিরাপত্তা বাহিনীর দাবি অনুযায়ী, গত ৫ জুলাই থেকে শুরু হওয়া ‘অপারেশন শাবান’ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে এ পর্যন্ত সর্বমোট ৯১ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে সাম্প্রতিক হেলিকপ্টার অভিযানেও আরও ৫ থেকে ৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে বলে নিরাপত্তা সূত্র উল্লেখ করেছে।