অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচারের দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টায় জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনের সড়কে জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত, পঙ্গুত্ববরণকারী ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের রাজনীতির বর্তমান বড় সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটি বাস্তবায়ন করা না হলে দেশের রাজনীতি আরও সংঘাতময় পরিস্থিতির দিকে যেতে পারে।
তিনি জানান, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে স্পিকার প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেছেন।
সভাপতির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণ না করে সংসদ পরিচালনা করলে তা জনগণ মেনে নেবে না। গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই দ্রুত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। এর আগে শহীদ জাবির ইবরাহিমের মা রোকেয়া এমপিসহ পাঁচ নারী সংসদ সদস্য এবং ১১ দলীয় ঐক্যের নেতারা জাতীয় সংসদের স্পিকারের কাছে এ বিষয়ে স্মারকলিপি জমা দেন।
কর্মসূচিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি, মো. সেলিম উদ্দিন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।