‘দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে’: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ১০:১১ পিএম

দেশে পুনরায় একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেছেন, জনগণ এক দলের শাসনের পরিবর্তে অন্য দলের লুটপাটের জন্য জীবন দেয়নি।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি। পদযাত্রায় নাহিদ ইসলামের সঙ্গে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, অতীতে দেশে একদলীয় শাসন ছিল, যেখানে মানুষ কথা বলার স্বাধীনতা হারিয়েছিল। তিনি অভিযোগ করেন, বর্তমানে আবারও দেশকে একই ধরনের শাসনব্যবস্থার দিকে নেওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, সংসদে কথা বলার সুযোগ দেওয়া হয় না এবং শান্তিপূর্ণ কর্মসূচিতেও বাধার সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, যারা আবার একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করবে, তাদের অতীতের পরিণতি মনে রাখা উচিত। তিনি দাবি করেন, দীর্ঘদিনের একদলীয় শাসনের পর আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি বাধাগ্রস্ত করতে হামলা ও সহিংসতার চেষ্টা করা হলেও সখীপুরের মানুষ তা প্রতিহত করেছে।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালে তরুণরা দেশের পরিবর্তনের আশায় জীবন দিয়েছেন। যদি দেশে দুর্নীতি, লুটপাট ও মাদক নিয়ন্ত্রণে না আসে, তাহলে সেই আত্মত্যাগের মূল্য থাকবে না।

তিনি বলেন, জনগণ একটি দলকে সরিয়ে আরেকটি দলের অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি করার জন্য আন্দোলন করেনি। দেশের প্রকৃত পরিবর্তন নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

বিচার ও আইনের শাসন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলা হলেও ৫ আগস্টের পর দেশজুড়ে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে। নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অপরাধীদের বিচার করতে হবে, তবে নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি, চাঁদাবাজি ও লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তাসনিম হোসেন