‘আর্জেন্টিনাকে এমন দল হিসেবে মনে রাখুক, যারা কখনো হাল ছাড়ে না’

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ জয়ের স্বপ্নের পাশাপাশি নিজের দলকে অন্য এক অনন্য পরিচয়ে প্রতিষ্ঠিত করতে চান আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার প্রত্যাশা, ভবিষ্যতে মানুষ আর্জেন্টিনাকে এমন একটি দল হিসেবে মনে রাখবে, যারা কোনো পরিস্থিতিতেই মাঠের লড়াই ছেড়ে দেয় না।

২০২২ সালে স্কালোনির অধীনেই ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এবার ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে পরপর দুটি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার দারুণ সম্ভাবনা রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে। বাংলাদেশ সময় আগামীকাল রবিবার সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

ট্রফির চেয়ে গুরুত্বপূর্ণ লড়াইয়ের স্পৃহা

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, ট্রফির চেয়েও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ দলের মানসিকতা। ১০ বছর বয়সী এক আর্জেন্টাইন সমর্থকের আবেগঘন ভিডিওর কথা উল্লেখ করে তিনি বলেন, "আমি চাই এই জাতীয় দলটাকে সবাই এমন একটা দল হিসেবে মনে রাখুক, যারা কখনো হাল ছাড়ে না। আমরা শুধু একটা জয়ের জন্য খেলি না। যখন হৃদয় থেকে আসা এমন আবেগ দেখি, সেটা সত্যিই অসাধারণ।"

সুইসদের নিয়ে সতর্ক স্কালোনি

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব সহজে পার করলেও নকআউট পর্বে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজরা এখন বিশ্বকাপে টানা ১১ ম্যাচ অপরাজিত। তা সত্ত্বেও অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকার সুইজারল্যান্ডকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি। তিনি বলেন, "ওরা শারীরিকভাবে শক্তিশালী ও দারুণ অভিজ্ঞ। কলম্বিয়াকে হারিয়ে আসা সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ভীষণ কঠিন হবে।"

কোয়ার্টার ফাইনালের এই বাধা পেরোতে পারলে সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা নরওয়ে।

তাসনিম হোসেন