আগামী ১০০ বছরে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০১:১২ পিএম

বাংলাদেশে আগামী একশ বছরের মধ্যে আর কোনো গণঅভ্যুত্থান ঘটবে না বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর দাবি, সাম্প্রতিক গণঅভ্যুত্থানকে ঘিরে মানুষের যে প্রত্যাশা ছিল, তা পূরণ না হওয়ায় ভবিষ্যতে এমন আন্দোলনে অংশ নেওয়ার আগে জনগণ বহুবার ভাববে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের আয়োজিত ‘গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, গণঅভ্যুত্থান নিয়ে নতুন করে সহজভাবে কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। তাঁর ভাষ্য, চব্বিশের গণঅভ্যুত্থানে মানুষ শেষবারের মতো নিজেদের জীবন বাজি রেখে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। বরং এটি কিছু মানুষের ব্যক্তিস্বার্থের প্রকল্পে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রুমিন ফারহানা আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে উগ্রবাদের উত্থান ঘটেছে এবং অল্প সময়ের ব্যবধানে কিছু মানুষের বিপুল সম্পদের মালিক হওয়ার ঘটনাও মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। এসব কারণেই ভবিষ্যতে একই ধরনের আন্দোলনে অংশ নেওয়ার আগে সাধারণ মানুষ অনেক বেশি সতর্ক থাকবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি প্রশ্ন তোলেন, গণঅভ্যুত্থানের সময় হিজাব পরা ও হিজাববিহীন নারীরা যেভাবে একসঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন, পরে কেন সেই সহনশীল পরিবেশ বজায় থাকল না। একই সঙ্গে মুক্তিযুদ্ধের বিভিন্ন ম্যুরাল ও ভাস্কর্য ভাঙচুরের ঘটনারও সমালোচনা করেন তিনি। তাঁর প্রশ্ন, একাত্তর ও চব্বিশকে কেন পরস্পরের মুখোমুখি দাঁড় করানো হলো।

দেশে গণঅভ্যুত্থানের পর উগ্রবাদের বিস্তার ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতির কথা আগে জানা থাকলে কতজন মানুষ আন্দোলনে অংশ নিতেন—সেই প্রশ্নও তোলেন রুমিন ফারহানা।

বক্তব্যে তিনি আরও বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের গণআন্দোলনের পরও দেশের সাধারণ মানুষ প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হয়েছেন। তাঁর দাবি, দেশের মানুষ বারবার ত্যাগ স্বীকার করেছে, কিন্তু প্রতিবারই প্রতারিত হয়েছে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান আহমেদ, দলের সহসভাপতি নুরুল আখতার এবং সিরাজ মিয়াসহ অন্যরা।

তাসনিম হোসেন