সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পরও প্রত্যাশিত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন না হওয়াকে শহীদ আবু সাঈদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

বার্তায় রেজাউল করীম বলেন, চব্বিশের জুলাইয়ে পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে আবু সাঈদ বৈষম্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি শুধু নিজের জীবনের জন্য নয়, বরং সব ধরনের অন্যায়, অনিয়ম ও স্বৈরাচারের স্থায়ী অবসানের প্রত্যাশায় আত্মত্যাগ করেছিলেন।

তিনি বলেন, আবু সাঈদের শাহাদাতের দুই বছর পার হলেও তার রক্তের ঋণ এখনও শোধ হয়নি। প্রত্যাশিত সংস্কার বাস্তবায়ন হয়নি, পতিত স্বৈরাচারের বিচারও সম্পন্ন হয়নি। এমনকি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের রায়কেও অস্বীকার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের মধ্য দিয়েই আবু সাঈদসহ সব শহীদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন সম্ভব। অন্যথায় জাতি হিসেবে সবাই সেই আত্মত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতার দায় এড়াতে পারবে না।

 
 

তাসনিম হোসেন