ক্ষমতাসীনদের দুর্বলতা ও জনগণের গণভোটের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে ভবিষ্যতে আবারও জুলাইয়ের মতো গণঅভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
শনিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর উত্তরার নর্থ টাওয়ার হাউজবিল্ডিং এলাকায় ‘জুলাই গ্রাফিতি আর্ট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেলিম উদ্দিন বলেন, এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেদিকে সরকারের সতর্ক দৃষ্টি রাখা উচিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কেউ কেউ আওয়ামী লীগের ভাষ্য অনুসরণ করে দলটির পুনর্বাসনের চেষ্টা করছে।
তিনি বলেন, জুলাইয়ের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে। জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বা অপমানজনক বক্তব্য দেশের মানুষ মেনে নেবে না।
জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, কোটি মানুষের অংশগ্রহণে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমেই ‘৩৬ জুলাই’-এর সফলতা অর্জিত হয়েছে। জুলাইয়ের চেতনা ধারণ করেই দেশ পরিচালিত হওয়া উচিত এবং রাষ্ট্রীয় উদ্যোগে জুলাইয়ের স্মৃতি ও গ্রাফিতি সংরক্ষণ করা প্রয়োজন।
উত্তরার ভূমিকার কথা উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে সময় বহু মানুষ শহীদ ও আহত হয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিভিন্ন টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের পুরোনো বয়ান তুলে ধরা হচ্ছে, যা উদ্বেগজনক। জুলাইয়ের ইতিহাস বিকৃত বা অপমানের কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনে ছায়ার মতো পাশে ছিল এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে।
অনুষ্ঠান শেষে ‘৩৬ জুলাই’ স্মরণে উত্তরার বিভিন্ন সড়কে গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্বোধন করেন মোহাম্মদ সেলিম উদ্দিন। আয়োজকরা জানান, আগামী ২০ থেকে ৩০ জুলাই ‘স্মৃতিতে জুলাই’ শীর্ষক প্রতিযোগিতা, ২৫ জুলাই ‘তুলিতে জুলাই’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ৩১ জুলাই পর্যন্ত গ্রাফিতি অঙ্কন কর্মসূচি চলবে। অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।