সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় সরকার: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম

সরকার সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

শুক্রবার (১৭ জুলাই) সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি। এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একসঙ্গে সনদে স্বাক্ষর করলেও গণভোটসংক্রান্ত একটি বিষয় এবং উচ্চ কক্ষের প্রশ্নে বিএনপির সঙ্গে কোনো ঐকমত্য হয়নি। প্রতিটি দল তাদের নিজস্ব নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করবে বলেও সনদে উল্লেখ রয়েছে।

তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তার দাবি, বাংলাদেশে সাংবিধানিক সংস্কারের সূচনা বিএনপিই করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধানও বিএনপির উদ্যোগেই সংসদে পাস হয়েছিল।

বিরোধী দলকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। তবে বিএনপি জুলাইকে কারও রাজনৈতিক হাতিয়ার হতে দেবে না।

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে অস্থিরতা বিরাজ করছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্য বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন।

এ সময় তিনি আরও দাবি করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপির প্রায় ৬০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ জন গুম হয়েছেন এবং কয়েক হাজার নেতাকর্মী নিহত হয়েছেন।

তাসনিম হোসেন