জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত

গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের পথে যেতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৮ জুলাই) বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে সতর্ক করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ জুলাই) বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে তারা বাধ্য হবেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দিইনি। হরতাল-অবরোধের মতো কর্মসূচিও ঘোষণা করিনি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় সে ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা এ মুহূর্তে এমন কর্মসূচির পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতিকে সেদিকেই ঠেলে নিয়ে যাচ্ছেন।’

প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তা করছেন না। গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দেওয়ার পরও সেই রায় বাস্তবায়ন হয়নি। মুখে এক কথা আর কাজে আরেক কথা বলা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের সময় আমাদের একটি স্লোগান ছিল—“নাটক কম করো।” প্রধানমন্ত্রীকেও বলছি, নাটক কম করুন। জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে বলে তাদের সঙ্গে প্রতারণা করার সুযোগ নেই।’

বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দলটি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলনের দাবি করলেও ৫ আগস্টের পর তাদের কর্মকাণ্ডে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তার অভিযোগ, বিএনপি মূলত ক্ষমতা অর্জনের লক্ষ্যেই আন্দোলনে অংশ নিয়েছিল এবং এখন সংস্কারের প্রশ্নে অবস্থান পরিবর্তন করেছে।

 
 
 

তাসনিম হোসেন