দেশের যত গন্ডগোল তার ‘রিমোট কন্ট্রোল’ করছে দিল্লি: গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, দিল্লি থেকেই বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও অন্যান্য খাতে প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আন্তর্জাতিক আইন ও বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করেছে। তার দাবি, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রযুক্তিগতসহ নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়ে ভারতে রাখা কোনোভাবেই স্বাভাবিক নয়।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় সাধারণ মানুষের ওপর সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক সংকট নিরসনে সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত। তা না হলে রাজপথে কর্মসূচিতে যাওয়ার বিকল্প থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত সম্মেলনে দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তাসনিম হোসেন