বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না, সে সিদ্ধান্ত আদালত ও নির্বাচন কমিশনের (ইসি) বিষয়।
রোববার (১৯ জুলাই) নির্বাচন ভবনে দলের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের প্রতি বিএনপির কোনো ধরনের সমর্থন থাকবে কি না, সে বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি।
জামায়াতে ইসলামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে—এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এবারের নির্বাচন নির্দলীয় হবে। তাই কে নির্বাচন করবে বা করবে না, সেটি আদালত ও নির্বাচন কমিশনের এখতিয়ার।
তিনি আরও বলেন, অন্য কোনো রাজনৈতিক দল কী প্রস্তাব দিল বা কী বলল, সেটি বিএনপির বিবেচনার বিষয় নয়।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।