এবার সামনে এলো বিএনপি নেতার আপত্তিকর ভিডিও, দল থেকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০২:০০ পিএম

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ বাতিল করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত বহিষ্কারাদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে এক নারীর সঙ্গে মো. ওবায়দুর রহমানের প্রায় পাঁচ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে মো. ওবায়দুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাইয়ের পর জেলা বিএনপির সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে বহিষ্কারাদেশের অনুলিপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, দল কোনো ধরনের অনৈতিক বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন ঘটনায় জড়িত যে-ই হোক, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তাসনিম হোসেন