ফুটবল বিশ্বকাপের মঞ্চে আজ রাতে এক অসম লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে ক্রীড়ামোদিরা। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে যোগ্যতা অর্জন করা ক্যারিবীয় দ্বীপদেশ কুরাসাও। ফিফা র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা জার্মানির বিরুদ্ধে ৮২ নম্বর পজিশনের কুরাসাওয়ের এই ম্যাচটিকে অনেকেই ‘পিপীলিকার সঙ্গে হাতির’ লড়াই হিসেবে দেখছেন।
রোববার (১৪ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে বাংলাদেশ সময় রাত ১১টায় গ্রুপ ‘ই’-এর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
মাত্র ১ লাখ ৫০ হাজার জনসংখ্যা এবং ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের কুরাসাও এই বিশ্বকাপে জায়গা করে নিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। তবে সাম্প্রতিক ফর্ম তাদের পক্ষে কথা বলছে না। শেষ পাঁচ ম্যাচে তারা মাত্র একটিতে জয় পেয়েছে এবং গোল করতে পেরেছে মাত্র ৩টি। তবে ডাচ ফুটবল স্টাইলে বেড়ে ওঠা কুরাসাওয়ের খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী। ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাকাডেমির সাবেক খেলোয়াড় তাহিথ চং ও মিডফিল্ডার লিভানো কোমেনেন্সিয়ারা মনে করেন, মাঠের লড়াইয়ে বড়-ছোট বলে কিছু নেই এবং তারা বড় কোনো অঘটন ঘটাতে মুখিয়ে আছেন। তাছাড়া কুরাসাওয়ের ডাগআউটে আছেন ৭৮ বছর বয়সী অভিজ্ঞ কোচ ডিক অ্যাডভোকাট, যিনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ।
অন্যদিকে, কোচ জুলিয়ান নাগেলসম্যানের অধীনে দুর্দান্ত ফর্মে আছে জার্মানি। শেষ পাঁচটি প্রীতি ম্যাচের সবকটিতেই জয় পাওয়া জার্মানরা গোল করেছে ১৮টি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা ভুলে এবার হারানো মর্যাদা ফিরে পেতে মরিয়া ‘ডাই ম্যানশাফটরা’। তরুণ তারকা জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্ট্জকে কেন্দ্র করে গড়া জার্মানির এই আক্রমণাত্মক ফুটবল স্টাইলকে অনেকেই ২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলের সঙ্গে তুলনা করছেন।
জার্মান মিডফিল্ডার লেওন গোরেৎসকা জানিয়েছেন, আগের ব্যর্থতার স্মৃতি ভুলে তারা সমর্থকদের হারিয়ে যাওয়া আস্থা মাঠে ভালো খেলে আবারও ফিরিয়ে আনতে চান। আজকের ম্যাচে জার্মানির আক্রমণভাগে কাই হাভার্টজ, লেরয় সানে ও মুসিয়ালাদের চেনা রূপ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।