বাবার দেশ তিউনিশিয়ার জালে জোড়া গোল, উদযাপনের বদলে সিজদায় লুটিয়ে পড়লেন আয়ারি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৩:২৫ পিএম

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে তিউনিশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা করেছে সুইডেন। ম্যাচে সুইডিশদের হয়ে জোড়া গোল করে আলো কেড়েছেন তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি; তবে বাবার দেশ তিউনিশিয়ার বিপক্ষে গোল করায় কোনো উদযাপন করেননি, উল্টো সিজদায় লুটিয়ে পড়েন তিনি।

ম্যাচের ৭ মিনিটে নিজের প্রথম গোল করার পর ম্যাচের শেষ মুহূর্তে (৯৬ মিনিটে) তিউনিশিয়ার জালে দ্বিতীয়বার বল পাঠান আয়ারি। তবে প্রথম গোলের পর সাধারণত ফুটবলারদের মধ্যে যে বন্য উল্লাস দেখা যায়, তার কিছুই করেননি এই তরুণ। এর পেছনে রয়েছে এক আবেগঘন পারিবারিক গল্প। আয়ারির বাবা তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। বাবার দেশ বলেই হয়তো প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন থেকে বিরত থাকেন তিনি।

জানা গেছে, আয়ারির মা মরক্কোর নাগরিক হওয়ায় তাঁর সামনে মরক্কো বা বাবার দেশ তিউনিসিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ ছিল। এমনকি ২০২১ সালে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন তখনকার সুইডেন অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় আয়ারিকে তাদের জাতীয় দলে খেলার আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছিল। ২০২২ সালের বিশ্বকাপেও তিউনিসিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ তিনি প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে পরামর্শ করে নিজের জন্মভূমি সুইডেনের প্রতি অনুগত থাকার সিদ্ধান্ত নেন এই প্রতিভাবান মিডফিল্ডার।

তাসনিম হোসেন