ভারতে বালু মহালের বিরোধে বিজেপি নেতাসহ ৩ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু উত্তোলন ও খনির আধিপত্যকে কেন্দ্র করে চরম বিরোধের জেরে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ অন্তত তিনজনকে গাড়ির ভেতর জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। ছত্তিশগড়ের কোরিয়া জেলায় মঙ্গলবার গভীর রাতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। বৃহস্পতিবার (১৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য প্রকাশ করেছে।

ট্রাকে ঘেরাও করে পেট্রোল দিয়ে আগুন

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কোরিয়া জেলার সোনহাত থানার নওগাইন গ্রামে এই সংঘাতের ঘটনা ঘটে। নিহত স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিং তার সঙ্গীদের নিয়ে একটি ফরচুনার এসইউভি (SUV) গাড়িতে ছিলেন।

অভিযোগ রয়েছে, একাধিক ট্রাক দিয়ে ওই ফরচুনার গাড়িটির সামনে ও পেছনে ব্যারিকেড দিয়ে পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়। এরপর গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়ির ভেতর থেকে বিজেপি নেতা ভারত সিং, বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিংয়ের পোড়া মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া মায়াঙ্ক সিং নামের আরেকজন মাথা ও মুখে গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় বিলাসপুরের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিরোধের নেপথ্যে খনি ও অবৈধ চাঁদা

নিহতদের স্বজনদের দাবি, ওই এলাকার বালু মহালের ইজারা পেয়েছিল ভারত সিংয়ের পরিবার। এরপর সোনহাত, কৈলাশপুরসহ সংলগ্ন এলাকায় বালু পরিবহন এবং খনি সংশ্লিষ্ট ‌অবৈধ চাঁদা আদায়ের নিয়ন্ত্রণ নিয়ে মনোজ ত্রিপাঠী নামের আরেক বিজেপি নেতার পরিবারের সঙ্গে ভারত সিংয়ের কয়েক মাস ধরে তীব্র বিরোধ চলছিল। ত্রিপাঠী পরিবারের বেশ কিছু ট্রাক বৈকুণ্ঠপুরে বালু পরিবহনের কাজে ব্যবহৃত হতো। মঙ্গলবার রাতে মূলত বালু মহাল পরিচালনা সংক্রান্ত এই বিরোধের মীমাংসা করতে গিয়েই ভারত সিং সুপরিকল্পিত ফাঁদে পড়েন বলে অভিযোগ স্বজনদের।

মুখ্যমন্ত্রী ও বিধায়কদের প্রতিক্রিয়া

কোরিয়া জেলার ইতিহাসে এমন নির্মম ঘটনা নজিরবিহীন উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক ভাইয়ালাল রাজওয়াড়ে। সাবেক বিধায়ক গুলাব কামরো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের কঠোর শাস্তির দাবি করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছেন, ঘটনাটি তার নজরে এসেছে এবং দোষী সাব্যস্ত কাউকেই ছাড় দেওয়া হবে না।

৪ অভিযুক্ত গ্রেপ্তার, মামলা দায়ের

হত্যাকাণ্ডের পর তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধের অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী ও মন্নু ত্রিপাঠী। মামলার বাকি আসামিদের খোঁজে পুলিশি অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে।

তাসনিম হোসেন