ব্রাজিলকে ৭-১ হারানোর সেই স্মৃতি কুরাসাওয়ের বিপক্ষে ফিরিয়ে আনল জার্মানি!

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১২:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসে '৭-১' স্কোরলাইন বললেই চোখের সামনে ভেসে ওঠে ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের সেই চূর্ণ-বিচূর্ণ হওয়ার গল্প। এবার বিশ্বকাপের মঞ্চে কুরাসাওয়ের বিপক্ষে সেই চেনা স্মৃতিরই পুনরাবৃত্তি ঘটাল জার্মানরা। নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করল ন্যাগলসম্যানের শিষ্যরা।

ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার এনমেচার গোলে লিড নেয় জার্মানি। তবে ম্যাচের ২১ মিনিটে সবাইকে চমকে দিয়ে সমতায় ফেরে কুরাসাও। বক্সের ভেতর থেকে রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়ার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই গোলের দেখা পাওয়ার উল্লাসে মাতে কুরাসাও।

তবে সেই সমতার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি জার্মানি। ৩৮ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। আর প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে পেনাল্টি থেকে বল জালে জড়ান কাই হাভার্টজ। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।

বিরতি থেকে ফিরেই শুরু হয় আসল জার্মান ঝড়, যা ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দিচ্ছিল ২০১৪ সালে ব্রাজিলের বেলো দিগন্তের সেই রাতকে। জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন এবং ডেনিজ উনদাভ একে একে কুরাসাওয়ের জালে বল পাঠান। ম্যাচের শেষ মুহূর্তে কাই হাভার্টজ নিজের দ্বিতীয় গোলটি করলে ঠিক ৭-১ গোলের ঐতিহাসিক ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

তাসনিম হোসেন