এখন থেকে দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন (একই) প্রশ্নপত্রে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।
নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক উন্নতি
সচিবালয়ে ব্রিফিংকালে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে নানামুখী কাজ করছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সাংস্কৃতিক উন্নতির পাশাপাশি তাদের জন্য বিশেষ নৈতিক শিক্ষাব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে।
গানের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি দূর
শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা ও গানের শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া এমন গুঞ্জন নাকচ করে দিয়েছেন মন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না, মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি।" ফলে এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলে তিনি উল্লেখ করেন।