২০২৮ সালের আগে ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট নয়: বিমানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৫:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালু করতে আরও কয়েক বছর সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, ২০২৮ সালের আগে এ রুটে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নেই।

রোববার রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল খাতের মহাপরিকল্পনা বিষয়ক এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিমান বহরে নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময় লাগবে। এর আগে চাহিদা পূরণে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন। তিনি আরও বলেন, জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ করবে বলে আশা করা হচ্ছে।

তাসনিম হোসেন