সাঘাটায় ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সাইফুল ইসলাম নামে এক ছাত্রশিবির নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রোববার (২১ জুন) দুপুরের দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি উপজেলার শিমুল তাইড় গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বাটি গ্রামের মুকুলের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় সাইফুল ইসলাম ও সালাউদ্দিন ঘটনাটির প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে মুকুল, তার ভাই পলাশ এবং তাদের সহযোগী আশরাফ ধারালো অস্ত্র নিয়ে সাইফুল ও সালাউদ্দিনের ওপর হামলা চালায়। হামলায় দুজনই গুরুতরভাবে আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় সাইফুল ইসলামকে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন এ ঘটনার নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তাসনিম হোসেন