আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে পাকিস্তানি হামলায় নারী ও শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৬৩ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার।
সোমবার তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এক্স-এ দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। তিনি বলেন, গত রাতের হামলায় বহু সাধারণ মানুষ হতাহত হয়েছেন।
আফগানিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সীমান্ত এলাকায় স্থল অভিযান চালিয়ে পরে জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালায়।
অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, দেশজুড়ে একাধিক হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বেড়ে যাওয়ায় ইসলামাবাদ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে দায়ী করছে। গত কয়েক দিনে করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে হামলা এবং সীমান্ত এলাকায় সহিংসতার ঘটনাও ঘটে।
বিশ্লেষকদের মতে, আফগান তালেবান ও টিটিপির সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের অভিযোগকে কেন্দ্র করে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক ইতোমধ্যে উত্তেজনাপূর্ণ ছিল, সাম্প্রতিক হামলাগুলো সেই উত্তেজনা আরও বাড়িয়েছে।
দুই দেশের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা ও সীমান্ত সংঘাতের কারণে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।