মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান বজায় রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে নীতি সুদহার (পলিসি রেপো রেট) ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। এ সময় গভর্নর মোস্তাকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন নীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে শিল্প, কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতের জন্য ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য। একই সঙ্গে টেকসই প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি ও বৈদেশিক বাণিজ্য সহজ করার ওপর জোর দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মূল্যস্ফীতির পেছনে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তন এবং সরবরাহ ব্যবস্থার বিঘ্নসহ একাধিক কারণ রয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ১১ দশমিক ৭ শতাংশে উঠলেও কঠোর মুদ্রানীতির ফলে ২০২৬ সালের মে মাসে তা ৯ দশমিক ৪ শতাংশে নেমে আসে। তবে লক্ষ্য অনুযায়ী তা এখনো কমেনি বলে সংকোচনমূলক নীতি অব্যাহত রাখা হয়েছে।
মুদ্রানীতিতে চলতি অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি এবং ৭ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।