ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অভিযোগ করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। এতে প্রমাণ হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই।
শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নীতি জবরদস্তি, একচ্ছত্র আধিপত্য ও নিষ্ঠুরতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
খামেনি সতর্ক করে বলেন, ওয়াশিংটন যদি সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করে, তাহলে তাকে আরও বড় মূল্য দিতে হবে এবং অপমানের মুখোমুখি হতে হবে। তিনি দাবি করেন, ইরানের জনগণ ও ‘প্রতিরোধ অক্ষ’ যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে, যা তারা কখনো ভুলবে না।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য বজায় রাখা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি সাম্প্রতিক সংঘাতে ইরানের দক্ষিণাঞ্চলে যোদ্ধাদের ভূমিকা ও সাধারণ মানুষের দৃঢ়তারও প্রশংসা করেন তিনি।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, বিভেদ এড়িয়ে ঐক্যবদ্ধ থাকাই বর্তমান সংকট মোকাবিলার সবচেয়ে বড় শক্তি।