জুলাই বীরদের ভিলেন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন পালিয়ে যাওয়া গোষ্ঠী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের অর্জনকে ম্লান করার জন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, গত দেড় দশকের অন্যায়, গুম, খুন ও নিপীড়নের ইতিহাস কোনোভাবেই মুছে ফেলা যাবে না।

রোববার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘দ্বিতীয় জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন (আইসিজেআর-২ ২০২৬)’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাকসু, আরআইটি, ইউনিভার্সিটি অব রেজিনা, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটির যৌথ উদ্যোগে সম্মেলনটির আয়োজন করা হয়।

সাদিক কায়েম অভিযোগ করেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটি গোষ্ঠী জুলাই বিপ্লবের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাদের ‘ভিলেন’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। তবে গত ১৫ বছরের হত্যা, গুম এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ঘটনা জনগণ কখনো ভুলবে না বলেও মন্তব্য করেন তিনি।

ডাকসু ভিপি বলেন, জুলাই বিপ্লব কোনো ব্যক্তি বা একক সংগঠনের আন্দোলন ছিল না; এটি ছিল নিপীড়ন ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে ছাত্র, শিক্ষক, শ্রমিক, কৃষক, শিল্পীসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত আন্দোলন। তিনি এ আন্দোলনকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার অংশ বলেও উল্লেখ করেন।

বিপ্লব-পরবর্তী সময়ে কিছু হতাশা থাকাকে স্বাভাবিক উল্লেখ করে সাদিক কায়েম বলেন, “জুলাই কোনো ৩৬ দিনের আন্দোলন নয়, এটি একটি দীর্ঘ যাত্রার সূচনা। অর্জিত সাফল্য রক্ষা করে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার এখনই সময়।”

তিনি আরও বলেন, জনগণের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত সাফল্য কোনো অপশক্তি ছিনিয়ে নিতে পারবে না। জুলাইয়ের চেতনা সমুন্নত রেখে ন্যায়ভিত্তিক ও মুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

 
 
 

তাসনিম হোসেন