গোল্ডেন বুট জিততে ফাইনালে মেসির সামনে কী সমীকরণ?

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৮:৪১ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপার পাশাপাশি ব্যক্তিগত অর্জনের দিকেও নজর লিওনেল মেসির। স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এখনও টিকে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে পুরস্কার জিততে হলে তাকে কঠিন সমীকরণ মেলাতে হবে।

বর্তমানে বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে মেসির গোল ৮টি, অ্যাসিস্ট ৪টি।

ফাইনালে শুধু দুটি গোল করলেই হবে না মেসির। সেক্ষেত্রে তার গোলসংখ্যা এমবাপ্পের সমান হলেও অ্যাসিস্ট ও মাঠে খেলার সময়ের হিসাব বিবেচনায় এগিয়ে থাকতে পারেন ফরাসি তারকা। বর্তমানে দুজনেরই অ্যাসিস্ট ৪টি করে। তবে এমবাপ্পে খেলেছেন ৭৬৯ মিনিট, মেসি ৭১২ মিনিট। ফাইনালে ৫৮ মিনিট বা তার বেশি খেললে মেসির মোট খেলার সময় এমবাপ্পের চেয়ে বেশি হয়ে যাবে, যা টাইব্রেকারে তার জন্য অসুবিধা তৈরি করতে পারে।

সব মিলিয়ে গোল্ডেন বুট জিততে মেসির সামনে দুটি সম্ভাব্য পথ রয়েছে।

প্রথমত, ফাইনালে হ্যাটট্রিক করলে তার গোল হবে ১১টি, যা এমবাপ্পেকে ছাড়িয়ে যাবে।

দ্বিতীয়ত, দুটি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট করতে হবে। সেক্ষেত্রে মেসির গোল হবে ১০ এবং অ্যাসিস্ট হবে ৫, যা তাকে গোল্ডেন বুটের শীর্ষে নিয়ে যেতে পারে।

তবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা অত্যন্ত বিরল ঘটনা। ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুজন ফুটবলার এই কীর্তি গড়েছেন—১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্ট এবং ২০২২ সালে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

চলতি বিশ্বকাপেই ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করেছেন মেসি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করেছিলেন তিনি। এবার তার সামনে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন—আর সেই ম্যাচেই নির্ধারণ হতে পারে বিশ্বকাপের শিরোপার পাশাপাশি গোল্ডেন বুটের ভাগ্যও।

তাসনিম হোসেন