বাংলাদেশের সাধারণ ই-পাসপোর্টের নকশায় বড় পরিবর্তন আনছে সরকার। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নতুন ই-পাসপোর্টের পাতায় জলছাপ (ওয়াটারমার্ক) হিসেবে যুক্ত করা হচ্ছে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন নকশার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ই-পাসপোর্টের বিদ্যমান বুকলেটের নকশা ও জলছাপ পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন বিন্যাসে ৩১ ও ৩২ নম্বর পৃষ্ঠায় স্থান পাবে জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তের প্রতীকী চিত্র। আন্দোলনে আত্মত্যাগকারী আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি জলছাপ হিসেবে ব্যবহারের মাধ্যমে সেই স্মৃতিকে জাতীয় ভ্রমণ নথিতে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নকশায় দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন অনুষঙ্গও স্থান পেয়েছে। পাসপোর্টের বিভিন্ন পাতায় জলছাপ হিসেবে থাকবে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, লালবাগ কেল্লা, কান্তজিউ মন্দির, পানাম নগর ও কার্জন হলের ছবি।
এ ছাড়া কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির মতো প্রাকৃতিক দর্শনীয় স্থান, জাতীয় ফুল, জাতীয় মাছ, জাতীয় পাখি ও জাতীয় ফলের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও নতুন নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাসপোর্টের ডাটা পেজে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আগের মতোই এটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য ভ্রমণ বৈধ থাকবে।
প্রজ্ঞাপনে নতুন নকশা দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।