বাংলাদেশ কারাতে সংস্থায় নতুন অন্তর্বর্তী কমিটি, সভাপতির দায়িত্বে আব্দুস সাবহান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০২:২৭ এএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ কারাতে সংস্থার বর্তমান অন্তর্বর্তী কমিটি বাতিল করে নতুন অন্তর্বর্তী কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নবগঠিত কমিটির সভাপতি করা হয়েছে প্রকৌশলী আব্দুস সাবহানকে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাবেক স্বর্ণজয়ী কারাতে খেলোয়াড় সৈয়দ নুরুজ্জামান।

শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন অন্তর্বর্তী কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে বিদ্যমান অন্তর্বর্তী কমিটি প্রত্যাশিত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এ কারণে জাতীয় ক্রীড়া পরিষদ আইন অনুযায়ী বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, নতুন কমিটিকে আদেশ জারির তারিখ থেকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আদেশ কার্যকরের সঙ্গে সঙ্গেই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

নবগঠিত ২৯ সদস্যের কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃত প্রকৌশলী আব্দুস সাবহান। সাধারণ সম্পাদক করা হয়েছে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী সাবেক কারাতে খেলোয়াড় সৈয়দ নুরুজ্জামানকে।

কমিটির সহসভাপতির দায়িত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দিন আহমেদ, মোয়াজ্জেম হোসেন সেন্টু, মো. জোবায়ের ইসলাম ভূঁইয়া, এ কে এম মাসুদুল ইসলাম এবং প্রকৌশলী শরীফ মো. আবুল হুসাইন।

এ ছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টুলু উসামছ ও কবির আকবর চৌধুরী তাজ। কোষাধ্যক্ষ করা হয়েছে মো. হোসেন আলীকে। পাশাপাশি দেশের বিভিন্ন অঙ্গনের আরও ১৯ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটির প্রধান দায়িত্ব হবে নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতৃত্বের কাছে সংস্থার দায়িত্ব হস্তান্তর করা।

তাসনিম হোসেন