ভোলার চরফ্যাশনে সম্পত্তি দখলকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে এক বিধবা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। হামলায় আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা হওয়ার পর প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া কালাম মাঝি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, স্বামীর মৃত্যুর পর রহিমা বেগম সন্তানদের নিয়ে স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে বসবাস করছিলেন। ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন কালাম মাঝি।
পরিবারের দাবি, গত বুধবার সকালে নারিকেল পাড়তে গেলে কালাম মাঝি, তার ছেলে ও সহযোগীরা রহিমা বেগমের ওপর হামলা চালান। এতে তার বাম হাত ও বুকের একটি হাড় ভেঙে যায় বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার তিন দিন পর ভুক্তভোগীর ছেলে আল আমিন পাঁচজনের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেন। চরফ্যাশন থানার ওসি ফরিদ আহমেদ ভূঁইয়া জানান, মামলার পর প্রধান অভিযুক্ত কালাম মাঝিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।