নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের ইঙ্গিত মেয়র মামদানির

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০১:২০ পিএম

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের বিষয়টি আইনি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অভিযোগের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রশ্নটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগ মেয়রের প্রশাসনের অধীনে থাকলেও কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার সিটি প্রশাসনের রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে সিটির আইন বিভাগের সঙ্গে বিস্তারিত আলোচনা চলছে।

মামদানি আরও বলেন, বিষয়টি হালকাভাবে নেওয়া হচ্ছে না এবং সম্ভাব্য আইনি পদক্ষেপের সব দিক পর্যালোচনা করা হচ্ছে। তার এই মন্তব্যের পর নেতানিয়াহুর পক্ষ থেকেও দ্রুত প্রতিক্রিয়া এসেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

তাসনিম হোসেন