৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম

ছবি: সংগৃহীত

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে কমিশন বৃদ্ধির দাবি জানানো হলেও তা বাস্তবায়ন না হওয়ায় তারা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। তবে দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তারা।

তাদের দাবি, বর্তমান কমিশন বাড়িয়ে প্রতি ঘনমিটার সিএনজিতে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রতি ঘনমিটারে ৮ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, যন্ত্রাংশের দাম, ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বর্তমান কমিশনে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশন পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা।

 
 

তাসনিম হোসেন