আদ্-দ্বীন হাসপাতালের সেবা বন্ধ থাকায় ডায়ালাইসিস না পেয়ে বৃদ্ধের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১০:২২ পিএম

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে নির্ধারিত সময়ে ডায়ালাইসিস সেবা বন্ধ থাকায় চিকিৎসা না পেয়ে কামাল মিয়া (৫০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা যায়। নিহত কামাল মিয়া রাজধানীর খিলগাঁওয়ের আদর্শবাগ আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘ দেড় বছর ধরে নিয়মিত ওই হাসপাতালে ডায়ালাইসিস করিয়ে আসছিলেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার তার ডায়ালাইসিসের পূর্বনির্ধারিত সময় ছিল। তবে ওই সময় হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় স্বজনরা যোগাযোগ করলে কর্তৃপক্ষ সেবা দিতে অপারগতা জানায়। পরে তাদেরকে সরকার নির্ধারিত কয়েকটি বিকল্প হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

তবে পরিবারের দাবি, বিকল্প হাসপাতালে নেওয়ার আগেই রোগীর অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।

নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, নিয়মিত ডায়ালাইসিস চালু থাকলে তার স্বামীকে এভাবে হারাতে হতো না। তিনি আরও দাবি করেন, হাসপাতালে সাম্প্রতিক সংকটের কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে তাদের পরিবারের ওপর চরম ক্ষতি নেমে এসেছে।

তিনি জানান, বিকল্প হাসপাতালের তালিকা দেওয়া হলেও দ্রুত সময়ের মধ্যে সেখানে রোগীকে নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তাসনিম হোসেন