স্বাস্থ্যখাতে চিকিৎসকের পাশাপাশি নার্স ও মিডওয়াইফ বাড়ানো জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, শুধু চিকিৎসকদের ওপর নির্ভর করে দেশের স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়। নার্স ও মিডওয়াইফের সংকট পূরণে তাদের সংখ্যা বাড়ানো জরুরি বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

তিনি বলেন, দেশে বর্তমানে নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে। বিদ্যমান জনবলের তুলনায় অন্তত ৩ থেকে ৫ শতাংশ বাড়ানো প্রয়োজন বলে তিনি মত দেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ চিকিৎসক শহরে অবস্থান করছেন, অথচ দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে। এই বৈষম্য স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

তিনি মন্তব্য করেন, চিকিৎসক ও প্রকৌশলীদের মতো উচ্চ আয়ের পেশাজীবীরা তুলনামূলকভাবে কম রেমিট্যান্স পাঠান, তবে সাধারণ শ্রমিকরাই বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। এ প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসক ও প্রকৌশলীরা বেশি সংখ্যায় বিদেশে গেলে রেমিট্যান্স বাড়বে—এ ধারণার সঙ্গে তিনি একমত নন। তবে গবেষণা ও শিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়া ইতিবাচক বলে তিনি উল্লেখ করেন।

ডা. এম এ মুহিত আরও জানান, বর্তমানে দেশ থেকে চিকিৎসক ও নার্স বিদেশে পাঠানোর মতো পর্যাপ্ত প্রস্তুতি এখনও তৈরি হয়নি।

তিনি বলেন, ভবিষ্যতে মহামারি ও সংক্রামক রোগ প্রতিরোধে সরকার প্রস্তুতি নিচ্ছে এবং এ বিষয়টি জাতীয় বাজেটেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তাসনিম হোসেন