দেশে ৯৫ দিনে হামে ৬৬৬ জনের মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ১০:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত

গত ৯৫ দিনে দেশে হাম ও এর উপসর্গে ১ লাখ ৬৭৭ জন আক্রান্ত হয়েছেন এবং এই সময়ে প্রাণ হারিয়েছেন ৬৬৬ জন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই ভয়াবহ চিত্র জানা গেছে। গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে অধিদপ্তর।

আক্রান্ত ও মৃত্যুর বিস্তারিত পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, মোট আক্রান্তদের মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জনের শরীরে। বাকি ৮৯ হাজার ৯০৪ জন সন্দেহজনক বা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯২টি শিশু। অন্যদিকে হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৫৬ জন।

২৪ ঘণ্টার চিত্র ও সর্বোচ্চ ঝুঁকিতে ঢাকা

অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামজনিত উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২ জনই সিলেট বিভাগের। এই এক দিনে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৮ জন।

সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে দেশের মধ্যে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এখন পর্যন্ত এই বিভাগে হাম ও হামজনিত উপসর্গ নিয়ে রেকর্ড ২৯৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৯০১ জনে।

তাসনিম হোসেন