গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ব্যবহার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৪:৩৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আয়োজিত মিলাদ মাহফিলে বহিরাগতদের অনুপ্রবেশ ও লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে শিল্প পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় ব্লু প্ল্যানেট গ্রুপের মালিকানাধীন ‘কালার অ্যান্ড কোং লিমিটেড’ কারখানার সামনে এ ঘটনা ঘটে।

শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, গত বুধবার রাতে ওই কারখানায় কর্মরত নারী শ্রমিক লিজা আক্তার অসুস্থ হয়ে মারা যান। তার স্মরণে শনিবার সকালে কারখানার ভেতরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, যেখানে পাশের একটি কারখানার শ্রমিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।

মিলাদে অংশ নিতে শ্রমিকরা জড়ো হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, কিছু বহিরাগত লাঠিসোঁটা নিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পুলিশ বাধা দিলে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয় এবং পরে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।

কয়েকজন শ্রমিক দাবি করেছেন, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ধীরে ধীরে শ্রমিকরা এলাকা ত্যাগ করলে বেলা ১১টার দিকে পরিবেশ শান্ত হয়ে আসে।

ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, সকাল থেকে কারখানার সামনে বিপুলসংখ্যক শ্রমিক অবস্থান করলেও পরে তারা সরে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে শ্রমিকদের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। শিল্প পুলিশও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

 

তাসনিম হোসেন