স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া, যিনি জাহের আলভী নামে পরিচিত। তিনি একই সঙ্গে জামিনের আবেদন করেছেন।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করেন অভিনেতা জাহের আলভী। তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী শেখ রোবায়েত ইসলাম। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তীতে নিহতের বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হন’।
আদালতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, জাহের আলভী ঘটনার সঙ্গে জড়িত নন। তার স্ত্রী আত্মহত্যা করেছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। একই সঙ্গে উল্লেখ করা হয়, তাদের একটি শিশু সন্তান রয়েছে এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী।
এর আগে এই মামলায় জাহের আলভীর মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন পান। পাশাপাশি উচ্চ আদালতে আগাম জামিন আবেদনের পর দেশে ফেরার পরামর্শ দেওয়া হয় জাহের আলভীকে।
প্রসঙ্গত, মামলার পর অভিনেতা জাহের আলভী বিদেশে অবস্থান করছিলেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি দেশে ফিরে এসে আত্মসমর্পণ করেন।