এবারের এসএসসি পরীক্ষা কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁস ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, পরীক্ষার ফলাফল দুই মাসের মধ্যে, অর্থাৎ আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে প্রাথমিক শিক্ষায় ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
মাহদী আমিন আরও বলেন, আগামী ২০ জুন আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।