চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপি এমপির ছেলে মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০২:১৯ পিএম

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। একই ঘটনায় তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে যুবদল।

রোববার গভীর রাতে রাজধানী থেকে মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয় এবং বিকেলে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে আটকের ঘটনার পরপরই সংগঠন থেকে খাইরুল ইসলাম সজীবকে বহিষ্কার করেছে যুবদল। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

যুবদলের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তাসনিম হোসেন