ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৬:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মো. রিবুল হোসাইন (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ সচিব নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলেও ভেতরে থাকা যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকার চানপুর রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের সাজ্জাদ হোসেন ছবিবের ছেলে। তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিবুল হোসাইন মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় মাগুরা থেকে ছেড়ে আসা খান পরিবহনের একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

ধাক্কার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় রিবুল হোসাইনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাসটিতে ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তারা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাসনিম হোসেন