গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোখলেছুর রহমান মুকুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না এবং তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।