মানিকগঞ্জে কবরস্থানের পাশে কিশোরীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দশম শ্রেণির এক শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকায় কবরস্থান-সংলগ্ন ঝোপের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত মারিয়া সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর দেওয়ান বাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে। সে স্থানীয় সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে মারিয়ার একটি ঘটনার অভিযোগ ওঠে। বিষয়টি বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে ধরা পড়ার পর উভয় পক্ষের অভিভাবকদের ডেকে ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের থেকে মুচলেকা নেওয়া হয়। পরে স্কুল কর্তৃপক্ষ তাদের ট্রান্সফার সার্টিফিকেট প্রদান করে।

এরপর থেকে মারিয়া নিখোঁজ ছিল বলে পরিবারের সদস্যরা জানান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট দশম শ্রেণির শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং জড়িতদের শনাক্তে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তাসনিম হোসেন