সরকার-বিরোধী পক্ষ একসঙ্গে কাজ করলেই এগোবে দেশ: বিরোধীদলীয় নেতা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম

রাজধানীর শেওরাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ শুধু সরকার বা বিরোধী পক্ষের নয়, এটি দেশের সব মানুষের। তিনি বলেন, নাগরিকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকার ও বিরোধী পক্ষের সম্মিলিত উদ্যোগেই দেশের সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

বুধবার (১ জুলাই) রাজধানীর শেওরাপাড়ায় ঢাকা-১৫ আসনের নির্বাচনি এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শেষে উপস্থিত মানুষের উদ্দেশে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, রাজনৈতিক নেতারা জনগণের জীবন, সম্পদ ও সম্মান রক্ষার দায়িত্ব পালন করেন। ব্যস্ততার কারণে সব সময় মানুষের কাছে আসা সম্ভব না হলেও তিনি সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করেন এবং সুযোগ পেলেই এলাকাবাসীর সঙ্গে দেখা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজধানীর অনেক এলাকায় পানি, গ্যাস ও জলাবদ্ধতার সমস্যা এখন বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। তবে এ জন্য শুধু সরকারকে দোষারোপ করলেই হবে না। যারা ড্রেনে ময়লা-আবর্জনা ফেলেন, তারাও এই সমস্যার জন্য সমানভাবে দায়ী।

তিনি আরও বলেন, প্রতিদিন সব ড্রেন পরিষ্কার করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই নিজেদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবাইকে নিতে হবে। পাশাপাশি খাল-নালায় বা যেখানে-সেখানে ময়লা না ফেলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

কিশোর অপরাধ ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, এসব কারণে বিশেষ করে মা-বোনেরা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। তিনি পুলিশ প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিষয়টি তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর নজরে এনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন।

পথের ব্যবসায়ীদের বিষয়ে তিনি বলেন, তাদের জীবিকা নির্বাহের অধিকার রয়েছে। তবে সড়ক মানুষের চলাচলের জন্য। তাই পথের ব্যবসায়ীদের জন্য সুশৃঙ্খল ব্যবস্থা করে সড়কগুলো চলাচলের উপযোগী রাখতে হবে।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শহরাঞ্চলে সমস্যা কিছুটা কমলেও গ্রামীণ এলাকায় মানুষ এখনো ভোগান্তিতে রয়েছে। সরকার সমস্যার সমাধানে কাজ করছে, তবে দীর্ঘদিনের এই সংকট একদিনে দূর করা সম্ভব নয়। সরকার ও বিরোধী পক্ষ একসঙ্গে কাজ করলে দেশের উন্নয়ন আরও এগিয়ে যাবে।

তাসনিম হোসেন