বুধবার পালিত হবে ব্যাংক হলিডে

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম

অর্ধবার্ষিক হিসাব-নিকাশ সম্পন্ন করতে আগামীকাল বুধবার (১ জুলাই) সারাদেশে পালিত হবে ব্যাংক হলিডে। এদিন দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে ঢাকা ও চট্টগ্রাম শেয়ারবাজারের লেনদেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি বছরের ১ জুলাই ব্যাংকগুলো ছয় মাসের আর্থিক হিসাব সমন্বয় করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এ কারণে দিনটিকে ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়, যাতে কর্মকর্তারা নির্বিঘ্নে হিসাব ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে পারেন।

ব্যাংক হলিডের দিন কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ সাধারণ ব্যাংকিং সেবা পাওয়া যাবে না। পাশাপাশি আন্তঃব্যাংক লেনদেনও বন্ধ থাকবে।

তবে বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। সেখানে শুধু প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।

ব্যাংক বন্ধ থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও কোনো লেনদেন হবে না। কারণ, পুঁজিবাজারের অধিকাংশ আর্থিক লেনদেন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়।

উল্লেখ্য, অর্ধবার্ষিক হিসাবের জন্য ১ জুলাই এবং বার্ষিক হিসাব সমন্বয়ের জন্য প্রতি বছরের ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন করা হয়।

তাসনিম হোসেন