ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ৩১ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে, প্রায় ১২০ কিলোমিটার গভীর ভূগর্ভে।

ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ১১৪ কিলোমিটার দূরের তেরনাতে শহরের একজন বাসিন্দা উমর আব্বাস জানান, তিনি একটি চায়ের দোকানে বসে কফি পান করছিলেন। হঠাৎ চেয়ার কাঁপতে শুরু করলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পূর্বের ভূমিকম্পের অভিজ্ঞতা তার মধ্যে এখনও ভীতি তৈরি করে রেখেছে বলে তিনি জানান।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা নিশ্চিত করেছে যে এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো ঝুঁকি নেই।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটি প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়।

তাসনিম হোসেন