নড়াইলে ‘জুলাই যোদ্ধাদের’ হত্যার হুমকির অভিযোগ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া এবং আহত ‘জুলাই যোদ্ধাদের’ হত্যার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় লাখ টাকা পুরস্কার ঘোষণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আমিরুল ইসলাম।

সোমবার রাতে নড়াইল সদর থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, জুলাই মাসকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় শিক্ষার্থী ও আহত আন্দোলনকারীদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক কয়েকজন নেতাকর্মী এসব হুমকি ও পুরস্কার ঘোষণার সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে।

অভিযোগে অভিযুক্ত ১১ জন হলেন—মো. মিজানুর রহমান নয়ন, সৌরভ কর্মকার, মো. সজিবুল ইসলাম হৃদয়, শাহাদাত হোসেন রায়হান, ইমন শিকদার, মো. মিলন জমাদ্দার, মো. ইস্রাফিল, মো. সজীব চৌধুরী, এস কে আসলাম, মো. আব্দুল্লাহ আল জাবের লোটাস এবং মো. জুবায়ের শেখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আমিরুল ইসলাম বলেন, জুলাই মাসকে কেন্দ্র করে আত্মগোপনে থাকা অভিযুক্তরা বিভিন্ন ধরনের উসকানিমূলক হুমকি দিচ্ছেন। তাঁর দাবি, কিছুদিন আগেও তাঁকে লক্ষ্য করে হামলার গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল। তিনি দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান এবং ন্যায়বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, অভিযোগে নাম থাকা আব্দুল্লাহ আল জাবের লোটাস সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর দাবি, অভিযোগে উল্লেখ করা অধিকাংশ ব্যক্তিকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না এবং অভিযোগকারী আমিরুল ইসলামের সঙ্গেও তাঁর কোনো পরিচয় বা যোগাযোগ নেই।

তিনি আরও বলেন, অভিযোগের পক্ষে যদি কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তাহলে তা প্রকাশ করা উচিত। একই সঙ্গে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হুমকির অভিযোগকে কেন্দ্র করে নড়াইলের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের দিকে নজর রয়েছে সবার।

 

তাসনিম হোসেন