দেশে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট ৭৪২

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩২ শিশুর শরীরে হাম ও হামের মতো উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৪২ শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৯ শিশু এবং পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর প্রাণ হারিয়েছে ৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে শিশুটির মৃত্যু হয়েছে, তার শরীরে হামের উপসর্গ ছিল। তবে একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে নতুন করে ২১৩ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৮১৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮৮ শিশু এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে এক লাখ সাত হাজার ৩৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে ১৩ হাজার চারজনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

আক্রান্ত শিশুদের মধ্যে এ পর্যন্ত ৯০ হাজার ৫২২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬ হাজার ৮৪৪ জন। স্বাস্থ্য কর্তৃপক্ষ হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম ও প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছে।

তাসনিম হোসেন